নড়াইল ও কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বাইরে মনোনয়ন প্রত্যাহার না করায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত প্রার্থীরা হলেন- নড়াইল সদর পৌরসভায় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন ও কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে বর্তমান মেয়র কালিয়া স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ফকির মুশফিকুর রহমান লিটন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন ৪ জন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনজুমান আরা, বিএনপি মনোনীত জুলফিকার আলী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা খায়রুজ্জমান।
কালিয়া পৌরসভায় মেয়র পদে ৩জন নির্বাচন করছেন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জমান হীরা, বিএনপি মনোনীত ওয়াহিদুজ্জমান মিলু এবং আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে বর্তমান মেয়র, কালিয়া স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ফকির মুশফিকুর রহমান লিটন।
রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র বিএম এমদাদুল হক টুলু মনোনয়নপত্র প্রত্যাহার করেন। কিন্তু অপর বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেছেন, দলীয়ভাবে পূর্বে মিটিং করে আমি এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠিতে বিদ্রোহীদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় মনোনয়নপত্র প্রত্যাহার করা না হলে দল থেকে বহিষ্কার করা হবে। দু’জন মেয়র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় তাদের দল থেকে বহিষ্কার করা হলো।
কোনো মিটিং করে এ বহিষ্কার করা হয়েছে কিনা এ প্রশ্নে বলেন, মিটিং করার কোনো প্রয়োজন নেই।
নড়াইল পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ ও সাধারণ পদে ৩৯ জন এবং কালিয়া পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন এবং সাধারণ পদে ৩২ জন নির্বাচনী মাঠে রয়েছেন।
প্রত্যাহারের শেষ দিনে দু’টি পৌরসভায় সংরক্ষিত মহিলা আসনে একজন এবং সাধারণ কাউন্সিলর পদে ৯জন প্রত্যাহার করেছেন।
আজ সোমবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ এবং আগামী ৩০ জানুয়ারি নড়াইল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন অফিসার মো. ওয়ালিউল্লাহ বলেন, আগামী ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ৩০ জানুয়ারি এ দুটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।