সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে রবিবার দুপুরে ভাতা তুলতে আসার পথে মহাসড়ক পাড় হওয়ার সময় প্রাইভেটকার চাপায় বেজারি রাণী (৫৫) নামে এক বিধবা নিহত হয়েছেন।
বেজারি রাণী ওই উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামের মৃত কমলের স্ত্রী।
এ বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো জানান, বিধবা বেজারি রাণী ভাতা উত্তোলনের জন্য দবিরগঞ্জ বাজার এলাকায় একটি ব্যাংকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়ক পাড় হতে গেলে একটি দ্রুতগামী প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ছাড়া দুর্ঘটনার পর ঘাতক যানবাহনটি সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।