নাইক্ষ্যংছড়ি সীমান্ত

‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবদুর রহিম (২৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের দক্ষিণ বাইশফাঁড়ি এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

আবদুর রহিম কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক-এ/৭-এর বাসিন্দা ওয়াদুল হকের ছেলে।

বিজিবির দাবি, আবদুর রহিম ইয়াবা কারবারি। ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও একটি বন্দুক উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, কতিপয় কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে এমন গোপন খবরের ভিত্তিতে ভোরে বাইশফাঁড়ি বিওপির দুটি টহলদল সীমান্ত পিলার-৩৬/২এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের দক্ষিণ বাইশফাঁড়ি নতুন ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় ৮-১০ জনকে পাহাড়ি এলাকা দিয়ে বাংলাদেশে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করে বিজিবি।

এতে ইয়াবা কারবারিরা দুই ভাগে বিভক্ত হয়ে বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি চালালে তারা পাহাড়ি জঙ্গল দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আবদুর রহিমকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হন। তাদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশে তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।