ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকের অবহেলায় এক নার্সের বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। এর জেরে তাৎক্ষণিকভাবে হাসপাতালে বিক্ষোভ করেন নার্সরা। এতে হাসপাতালের জরুরি বিভাগে প্রায় আধঘণ্টা চিকিৎসাসেবা প্রদান বন্ধ থাকে। ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্র্তৃপক্ষ।
মৃতের স্বজনদের দাবি, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রাজীব হোসেনের অসুস্থ বাবা বুলবুল মিয়াকে (৫০) বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু আধঘণ্টা পার হয়ে গেলেও রোগীকে দেখতে আসেননি সেখানকার কর্তব্যরত চিকিৎসক সফিউল্লাহ আরাফাত। পরে আরাফাতের কথামতো বুলবুলকে একটি বেসরকারি ক্লিনিকে নেওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়।
তবে অবহেলার অভিযোগ সঠিক নয় দাবি করে চিকিৎসক আরাফত বলেন, ‘রোগীকে জরুরি বিভাগে আনার সঙ্গে সঙ্গেই আমি দেখতে যাই। এরপর আমি রোগীর ইসিজি করার জন্য বলি। তারপর তারা কী করেছে জানি না। পরে শুনেছি রোগী মারা গেছে। আমার কোনো অবহেলা ছিল না।’
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন বলেন, ‘চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে কি না, সেটি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’