উনবিংশ শতকের অন্যতম বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে বের হয়েছে দেবোত্তম চক্রবর্তীর ‘বিদ্যাসাগর: নির্মাণ-বিনির্মাণ-পুনর্নির্মাণ’।
বিদ্যাসাগরের জন্মের দুইশত বছরের মাথায় দুই বাংলাতেই গবেষণামূলক এ বই প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশে প্রকাশিত হয়েছে গ্রন্থিক প্রকাশন থেকে।
বইটি সম্পর্কে লেখক ও গবেষক দেবোত্তম চক্রবর্তী বলেন, “জন্মের দু’শো বছর পরেও বিদ্যাসাগরকে ঘিরে ‘ভদ্রলোক’ শ্রেনির চিরাচরিত চর্বিতচর্বণ চলতে থাকুক। লুঠেরা উপনিবেশের প্রতি অকুন্ঠ কৃতজ্ঞতা জ্ঞাপন অব্যাহত থাকুক তাদের।
শুধু অগণন অন্ত্যজ হিন্দু ও দরিদ্র মুসলমান এবং আর্ত ও অসহায় নারী সেই দাসত্বের দোসর হবেন না। সুকৌশলে তাদের চিরদিন অপাঙক্তেয় , প্রান্তিক ও বন্চিত করে রাখার দিন শেষ।
তাই তারা তাদের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করবেন বিদ্যাসাগরকে। তাতে যদি তিলেতিলে গড়ে তোলা সযত্নে ‘নির্মান’ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে, তবুও তাদের প্রতিস্পর্ধী দৃপ্ত উচ্চারণ থেমে থাকবেন না এক মুহূর্তের জন্যও। কারণ তাদের কথা কেউ বলেনি এতদিন, পরেও বলবে না। কারণ তারা যে ‘ছোটলোক’!
আমি এই ‘ছোটলোক’দের হয়ে কলম ধরেছি। আমার এই কাজ কতটা ‘ভাল’ আর কতটা ‘মন্দ’ সেটা যাচাইয়ের ভার পাঠকদের উপর। বাংলাদেশে উপনিবেশ বিরোধী চর্চার একটি দারুন ক্ষেত্র আছে আমার এই গবেষনা গ্রন্থ যদি সেই জমিনকে একটু হলেও উর্বরতা দেয় সেখানেই হবে এই বইয়ের স্বার্থকতা।”
প্রকাশক আব্দুর রাজ্জাক রুবেল বলেন, “লেখক নিজেকে চিন্তাচর্চায় উপনিবেশবাদ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে ভাবেন; ফলে তিনি যখন বিদ্যাসাগরকে নিয়ে আলাপ-আলোচনা করছেন তখন তৎকালীন উপনিবেশিক শাসন কাঠামোর সাথে বিদ্যাসাগরের সম্পর্ক একেবারে কেন্দ্রে অবস্থান নিবে বলেই আন্দাজ করা যায়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের চিন্তাজগতে উপনিবেশবাদ বিরোধী অনুভূতি সক্রিয়; সে আলাপ-আলোচনার টেবিলে দেবোত্তম চক্রবর্তীর সুবিশাল গ্রন্থখানি যে কিছুটা হলেও চিন্তার খোরাক যোগাবে তা নিশ্চিত। বইটি কলকাতায় বেরোচ্ছে কলাবতী মুদ্রা প্রকাশনী থেকে; আর বইটির বাংলাদেশ সংস্করণ বের করছি আমরা ‘গ্রন্থিক প্রকাশন’-এর পক্ষ থেকে।”
৫৩৬ পৃষ্ঠার বইটির গায়ের মূল্য ধরা হয়েছে দাম ৮৫৪ টাকা। তবে ২৫ শতাংশ ছাড়ে ৬৪০ টাকা দিয়ে এটি কিনতে পারছে পাঠকেরা। ডেলিভারি চার্জ ছাড়াই অনলাইনে অর্ডার করে বইটি কেনা যাবে এই ঠিকানায়, https://www.facebook.com/gronthik.com19