২২ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ

যুক্তরাজ্যের এক সমুদ্র সৈকতে প্রায় ২২ কোটি বছর আগের একটি ডাইনোসরের পায়ের ছাপ সন্ধানের দাবি করেছেন একদল গবেষক। সম্প্রতি সাউথ ওয়েলসের এক সমুদ্র সৈকতে হাঁটতে গিয়ে চার বছরের এক শিশু ছাপটি খুঁজে পায় বলে দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষা করে এটি ডাইনোসরের হতে পারে বলে মত দিয়েছেন ওই গবেষকরা। তাদের দাবি, এই ছাপ থেকে ডাইনোসররা কীভাবে হাঁটত, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানা যেতে পারে।

ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, ওয়েলশ বিচে হাঁটতে গিয়ে ডাইনোসরের এই পায়ের ছাপ খুঁজে পায় চার বছর বয়সী লিলি ওয়াইল্ডার। হাঁটতে হাঁটতে হুট করেই তার চোখে পড়ে বিশাল আকৃতির এই পায়ের ছাপ। এরপর তা নিয়ে হইচই শুরু হয়। এক পর্যায়ে গবেষকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, এই পায়ের ছাপ প্রায় ২২ কোটি বছরের পুরনো হতে পারে। আর তা হলো এক ডাইনোসরের।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে লিলির মা স্যালি ওয়াইল্ডার বলেন, ‘সৈকতের পাশে এটি একটি নিচু পাথুরে এলাকা ছিল। লিলির কাঁধের সমান উচ্চতা ছিল ওই পাথরটির। সে পাথরটি খুঁজে পেয়েই তার বাবাকে ডেকে দেখায়। এরপর তার বাবা রিচার্ড পাথরটির একটি ছবি তুলে এনে আমাকে দেখিয়েছিল। এরপর এটি নিয়ে ঘটনাস্থলে হইচই শুরু হয়।’ ওয়েলসের জীবাশ্মবিজ্ঞান সংক্রান্ত জাতীয় জাদুঘরের কিউরেটর সিনডি হাওয়েলস বলেন,‘এই সমুদ্র সৈকতে পাওয়া জীবাশ্মগুলোর মধ্যে এটির মানই সবচেয়ে ভালো। ডাইনোসরের যে পায়ের ছাপটি পাওয়া গেছে, তা দৈর্ঘ্যে প্রায় ১০ সেন্টিমিটার। গবেষকরা ধারণা করছেন, ডাইনোসরটি আকারে প্রায় ৭৫ সেন্টিমিটার লম্বা ছিল। তবে ডাইনোসরটি কোন প্রজাতির ছিল, সেটি জানা সম্ভব হয়নি। তবে জীবাশ্মটি সংরক্ষণের মাধ্যমে ডাইনোসরটির প্রকৃত কাঠামোসহ অন্যান্য অনেক তথ্য উদঘাটন করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট গবেষকরা।