হাতিয়ার ক্যারিংচরের দক্ষিণে মেঘনায় ৫০টি গ্যাস সিলিন্ডার ও ৯৪০ বস্তায় ১৫০ টন সরকারি চালবাহী একটি স্টিলবডি ট্যাংকার ডুবে গেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
এ সময় চালক কবির মাঝিসহ পাঁচজন শ্রমিককে একটি মাছ ধরার ট্রলার জীবিত উদ্ধার করে কূলে নিয়ে যায়।
হাতিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই আকরাম হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে হাতিয়ার বয়ারচর চেয়ারম্যান ঘাট থেকে ৫০টি গ্যাস সিলিন্ডার ও ৯৪০ বস্তা চালবোঝাই ট্যাংকারটি হাতিয়ার উদ্দেশ্যে রওনা দেয়।
মেঘনায় প্রচণ্ড স্রোতের কারণে ক্যারিংচরের পাশের একটি ভাঙা স্লুইজের ডুবন্ত অংশের সঙ্গে ধাক্কা লেগে এটি ডুবে যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, হাতিয়ার চৌমুহনী খাদ্যগুদামে সরবরাহ করার জন্য সরকারি চাল সরবরাহকারী প্রতিষ্ঠানের পক্ষে নোয়াখালীর সোনাপুরের তাজু কমিশনার ওই চাল ট্যাংকারে দিয়েছেন। নিমজ্জিত ট্যাংকারটি উদ্ধারের প্রচেষ্টা চলছে।