হবিগঞ্জে দুর্বৃত্তদের উপর্যুপরি হাতুড়ির আঘাতে এক বৃদ্ধা খুন হয়েছেন। নিহত জাকিয়া বেগমের (৬৫) মাথা-নাক-মুখ থেঁতলে দেয়া হয়েছে। বানিয়াচঙ্গ উপজেলার চৌধুরীপাড়া এলাকায় শুক্রবার রাতে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত জাকিরা খাতুন বানিয়াচঙ্গের ব্যবসায়ী মৃত আব্দুল হান্নান ঠাকুরের স্ত্রী।
পুলিশ জানায়, নিহত জাকিয়া বেগম ও তার ছোট ছেলে জোবায়েল ঠাকুর (৩২) নিজ বাড়িতে বসবাস করতেন।
ঘটনার রাতে জোবায়েল ঠাকুর তার মাকে ঘরে একা রেখে কেনাকাটা করতে পার্শ্ববর্তী গ্যানিংগঞ্জ বাজারে যান। ঘণ্টাখানেক পর জোবায়েল ঠাকুর বাড়িতে এসে তার মাকে ঘরের দরজা খোলার জন্য ডাকাডাকি করতে থাকেন।
একপর্যায়ে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ঢুকে দেখতে পান তার মায়ের নিথর দেহ মেঝেতে পড়ে আছে।
ঘটনাস্থলে একটি হাতুড়ি পাওয়া গেছে। জাকিয়ার মাথা, নাক-মুখ থেঁতলে দেয়া হয়েছে। নিহত জাকিয়ার তিন ছেলে এক মেয়ে রয়েছে।
বড় ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার গোলাম মোর্শেদ ঠাকুর লন্ডনপ্রবাসী, মেজ ছেলে জে আলম ঠাকুর ঢাকায় ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা, ছোট ছেলে জোবায়েল ঠাকুর এলএলবি পাস করার পর মাকে নিয়ে বাড়িতে বসবাস করছেন।
মেয়ে নাসিমা ঠাকুর ঢাকায় আইন পেশায় নিয়োজিত। খবর পেয়ে বানিয়াচঙ্গ থানা-পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে।
বানিয়াচং থানার ওসি এমরান হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মো. সেলিম জানান, ঘটনাটি লোমহর্ষক। পুলিশ আন্তরিকতার সঙ্গে রহস্য উদ্ঘাটনে কাজ করে যাচ্ছে। রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।