জমি আত্মসাতের অভিযোগ

হবিগঞ্জে কৃষক লীগ নেতার বিরুদ্ধে মামলা

ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেওয়া সরকারি খাসজমি প্রতারণামূলকভাবে আত্মসাৎ করার অভিযোগে জেলা কৃষক লীগের সভাপতি ও মক্রমপুর ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর রেজার বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলা হয়েছে। মামলায় একই সঙ্গে তার বিরুদ্ধে ৩ কোটি ৩২ লাখ ৬৮ হাজার টাকা সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলাটি করেছেন বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. দিদার হোসেন।

গত মঙ্গলবার করা মামলায় বলা হয়, ১৯৮৮-৮৯ সালের দিকে উপজেলার সুলতানপুর মৌজার ১নং খাস খতিয়ানের ১৪ একর ৮৮ শতক ভূমি ১৭ ভূমিহীনকে বন্দোবস্ত দেয় সরকার। কৌশলে হুমায়ুন কবীর রেজা বন্দোবস্তপ্রাপ্তদের কাছ থেকে ওই জমি নিজের দখলে নিয়ে নেন। গত বছর ৫ ও ১২ জানুয়ারি দুটি পৃথক আবেদনে উল্লিখিত ১৭ ভূমিহীন বানিয়াচংয়ের সহকারী কমিশনারকে (ভূমি) জানান, তারা বন্দোবস্ত জমির দখলে নেই। হুমায়ুন কবীর রেজা সেখানে পুকুর, মাদ্রাসা, মসজিদ স্থাপনের পাশাপাশি চাষাবাদ করছেন।

যোগাযোগ করা হলে হুমায়ুন রেজা বলেন, ষড়যন্ত্রমূলকভাবে আমাকে এ মামলায় জড়ানো হয়েছে। একটি মহলের চাপে প্রশাসন আমাকে মামলায় জড়িয়েছে।