মাদারীপুরের পশ্চিম মাইজপাড়া এলাকায় বিদ্যুতের তারে শর্টসার্কিট হয়ে আগুন লেগে প্রবাসীর পুরো বসতঘর পুড়ে ছাই হয়েছে। এ সময় ঘরে থাকা নগদ টাকাসহ আট লাখ টাকার মালামাল পুড়ে যায়।
বুধবার রাতে কালকিনি উপজেলার ডাসার থানার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের ওমান প্রবাসীর মওলা বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রবাসীর স্ত্রী জানান, বুধবার বিকেলে বাড়িতে তালা দিয়ে বাবার বাড়িতে গিয়েছিলাম। সন্ধ্যায় জানতে পারি আমার ঘরে আগুন লাগছে তবে এলাকাবাসী প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসে দেখি ঘরে থাকা প্রায় আড়াই লাখ টাকার আসবাবপত্র, টিভি, ফ্রিজ, তিন ভরি সোনা, নগদ ৫০ হাজার টাকাসহ সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমাদের ডাসার থানায় কোনো ফায়ার সার্ভিস নাই, থাকলে হয়তো আমার ঘরের এত ক্ষতি হতো না।
প্রবাসী চাচাতো ভাই মো. সিরাজ বেপারী জানান, গতকাল হঠাৎ দেখি ভাইয়ের ঘরে আগুন তবে এলাকার মানুষেরা মিলে যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি ততক্ষণে পুরো বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে এই আগুন নেভাতে না পারলে আশপাশের ১৫টি বসতঘর আগুন লেগে পুড়ে যেত। আর আমার ধারণা ফ্রিজের আগুন থেকেই আগুন লেগেছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।