সাবেক স্ত্রীর স্বামীকে ফাঁসাতে গিয়ে ধরা

সাবেক স্ত্রীকে বিয়ে করার প্রতিশোধ নিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে মনিরুল ইসলাম সজল নামে এক যুবক। সাবেক স্ত্রীর স্বামীকে মাদক দিয়ে ফাঁসাতে চেয়েছিলেন সজল। মাদক রাখার অপরাধে তার সাবেক স্ত্রীর স্বামী মাসুদ রানাকে আটকও করে গোয়েন্দা পুলিশ। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে এটি সাজানো ঘটনা। বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ তথ্যদাতা সজলকে গ্রেপ্তার করেছে। মাদক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার সজলের (২৯) বাড়ি রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি পূর্বপাড়া গ্রামে। তিনি রাজশাহী বিশ^বিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে একটি ক্যাফেটেরিয়াতে কাজ করতেন। সেই ক্যাফেটেরিয়ার মালিক মাসুদ রানা।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, প্রায় এক বছর আগে সজলের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদ হয়ে যায়। গত জানুয়ারি মাসে মাসুদ রানার সঙ্গে সজলের সাবেক স্ত্রীর দ্বিতীয় বিয়ে হয়। এতে ক্ষুব্ধ হয় সজল। মাসুদ রানাকে ফাঁসানোর জন্য পরিকল্পনা করে সে।

গোলাম রুহুল কুদ্দুস আরও জানান, সজলের দেওয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার বিকেলে মাসুদ রানার (৩৪) মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের স্টিলের কভারের ভেতর থেকে ১০ গ্রাম হেরোইন ও ৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পুলিশ মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তিনি রাজশাহী বিশ^বিদ্যালয়ের মাদারবক্স হলের গার্ড হিসেবে কর্মরত আছেন। পরে ডিবি পুলিশ তথ্যদাতা সজলকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সজল স্বীকার করে, তার সাবেক স্ত্রীকে বিয়ে করার প্রতিশোধ নিতেই মাসুদ রানার মোটরসাইকেলে সে পরিকল্পিতভাবে মাদক রেখে ডিবি পুলিশকে খবর দেয়।

গোলাম রুহুল কুদ্দুস বলেন, সজলের বিরুদ্ধে মাদকের মামলা হচ্ছে। সে কোথা থেকে এবং কীভাবে মাদক নিয়ে এসেছে এসবও খতিয়ে দেখছে পুলিশ।