‘ইনিসীর কবিতার নারীসত্তা সংবেদময়ের পাশাপাশি গাঢ় আর বলিষ্ঠ’

একুশে বইমেলায় এসেছে সানজিদা আমীর ইনিসীর প্রথম কবিতার বই ‘ডুবছি ঝিলাম নদী’।

বৈতরণী থেকে প্রকাশিত চার ফর্মার এ বইয়ে রয়েছে ৫০টি কবিতা। প্রচ্ছদ এঁকেছেন আনিসুজ্জামান সোহেল। বইটি পাওয়া যাচ্ছে চৈতন্যের ৩৩২-৩৩৩ নম্বর স্টলে।

ইনিসীর জন্ম ১৯৯৮ সালে বরিশালে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী লেখক হিসেবে উচ্চমাধ্যমিক স্তরেই পরিচিত হয়ে ওঠেন।

লেখক, অনুবাদক ও সংকলক মানস চৌধুরী বলেন, “ইনিসীর গদ্যগুলোতে ওর যাপিত জীবনই বেশি উপজীব্য। ইংরাজিতে এগুলোকে সম্ভবত জর্নাল বলে থাকে। আবার বায়োগ্রাফিও বলতে কোনো বাধা নেই। আমি ভাবতাম গদ্যের এই নিস্পৃহতা, নিরাসক্তির মুড কবিতার বেলায় কী হতে পারে।”

নৃবিজ্ঞানের এই শিক্ষক ইনিসীর কবিতা প্রসঙ্গে বলেছেন, “ইনিসীর কবিতা আমি কিছুটা পরে পড়তে শুরু করি। তাঁর কবিতায় নারী কিছুতেই নাজুক নয়; অন্তত লাগাতার তো নয়ই। তাঁর কবিতার নারীসত্তা সংবেদময়ের পাশাপাশি, গাঢ় আর বলিষ্ঠ। এমনকি দর-কষাকষির শক্তিমত্তা নিয়ে হাজির হয়। সেটা আরও বিশেষ কারণ দর-কষাকষিটা শরীরী সান্নিধ্য কামনার সময়েও বিস্মৃত হয় না; বরং তখনই সব থেকে জোরালোভাবে প্রকাশিত।”

‘ডুবছি ঝিলাম নদী’র কমিশন পরবর্তী বিনিময় মূল্য ১৬৫ টাকা। ঘরে বসে বইটি পেতে চাইলে বৈতরণীর ফেইসবুক পেজে অর্ডার করা যাবে অথবা কল দিতে পারেন ০১৭১৭ ৫৮৯২৭৪ নম্বরে।