ইটভাটা বন্ধ ও ফসলহানির ক্ষতিপূরণ দাবি

গাইবান্ধায় ইটভাটা বন্ধ ও ফসলহানির ক্ষতিপূরণ দাবিতে পলাশবাড়ী উপজেলার সাকোয়া সেতু এলাকায় মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ভুক্তভোগী কৃষক আবু সাঈদ ইসলাম, রাসেল সরকার, ইমরান সরকার, ইসলাম মিয়া, মানিক মিয়া, তোতা মিয়া ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার প্রমুখ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, অপরিকল্পিত ও অবৈধভাবে ইটভাটা নির্মাণের কারণে সাকোয়া সেতু এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আশপাশের কয়েকশ একর ধানে চিটা ধরেছে, আমসহ সব ধরনের ফল গাছেই পচে যাচ্ছে। আর তাই পরিবেশ ধ্বংসকারী এসব ইটভাটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতিপূরণ দিতে হবে।

পরে খবর পেয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান মানববন্ধনস্থলে উপস্থিত হন ও ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ শোনেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে মানববন্ধন কর্মসূচি সমাপ্ত করেন কৃষকরা।