দেড় হাজারের চিত্রকর্মের সামনে ১৫ কোটি ইউরোর হাতছানি!

স্পেনের মাদ্রিদে একটি চিত্রকর্মের নিলাম আটকে দিল সেই দেশের সরকার। ধারণা হচ্ছে, কারাভাজ্জো নামে পরিচিত রেঁনেসা যুগের বিখ্যাত ইতালীয় চিত্রশিল্পী মাইকেলেঞ্জেলোর হারানো মাস্টারপিস এটি।

‘ক্রাউনিং অব থ্রোনস’ নামের চিত্রকর্মটির প্রাথমিক মূল্য ধরা হয় দেড় হাজার ইউরো। আর যদি কারাভাজ্জোর আঁকা হয়, তবে এর মূল্য ১৫ কোটি ইউরোর বেশি।

চিত্রকর্মটি বিশেষজ্ঞরা পরীক্ষা করছেন। ইতিমধ্যে ‘রফতানিযোগ্য নয়’ বলে ঘোষণা দিয়েছে সরকার।

সতেরো শতকের এই পেইন্টিংয়ে ক্রুসবিদ্ধ হওয়ার আগের যিশুকে তুলে ধরা হয়েছে। তবে নিলামের ক্যাটালগের চিত্রশিল্পীর নাম হিসেবে স্পেনের জুসেপে দে রিবেরার উল্লেখ করা হয়েছে। তিনি বয়সে কারাভাজ্জোর চেয়ে ২০ বছরের ছোট।

ধারণা করা হচ্ছিল, চিত্রকর্মটি নিলামের মাধ্যমে বিদেশে চলে যেতে পারে। তাই নিলাম চূড়ান্ত হওয়ার কয়েক ঘণ্টা আগে বন্ধ করে দেওয়া হয়।

নিলাম ঘর আনসোরেনার মুখপাত্র জানান, একাধিক বিশেষজ্ঞ চিত্রকর্মটি পরীক্ষা করে দেখছেন। এখনো বলার কোনো তথ্য হাতে আসেনি।

এদিকে স্পেনের সংস্কৃতিমন্ত্রী হোসে মানুয়েল রদ্রিগেজ বলেন, চিত্রকর্মটি মূল্যবান। আশা করছি এটি কারাভাজ্জোর।

একই ধরনের অনুমান করছেন স্থানীয় একাধিক শিল্প বিশেষজ্ঞ। বিশেষ করে ব্রাশের কাজ ও আলো-ছায়ার ব্যবহারে তারা কারাভাজ্জোর বৈশিষ্ট্য খুঁজে পেয়েছেন। এ ছাড়া চিত্রকর্মটির গল্পের সঙ্গে এই বিখ্যাত শিল্পীর আগের কাজের মিল রয়েছে।