করোনায় রামগতির সাবেক মেয়র আজাদের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরী (৫৫) মারা গেছেন (ইন্না ল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ বিকেল সাড়ে ৫টার দিকে রামগতি পৌরসভার আলেকজান্ডার এলাকায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

পরে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

আজাদ উদ্দিন চৌধুরী রামগতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

রামগতি উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শাহ মো. রাকিব জানান, আজাদ উদ্দিন চৌধুরী বাড়িতে জ্বর-সর্দি ও কাশিতে ভুগছিলেন। ৪ দিন আগে তাকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তার করোনা পজিটিভ আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজাদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সর্বস্তরের মানুষের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।