বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দ্রুতগামী ট্রাকের চাপায় অটোভ্যান চালক মো. সুজন আলী শেখ (২৮) নিহত হয়েছেন। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের বালুকোল এলাকায় সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তিনি কামারখন্দ উপজেলার ক্ষিদ্র ভদ্রঘাট গ্রামের মো. ইনসাব আলী শেখের ছেলে।
নিহতের চাচাতো ভাই মো. মোন্নাফ আলী শেখ বলেন, সুজন অটোভ্যান নিয়ে মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বালুকোল এলাকায় পৌঁছালে বঙ্গবন্ধু সেতুর দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই মো. কামরুল ইসলাম বলেন, রাত ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠাই।
ট্রাকটির সন্ধান করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।