স্ত্রী রাধিকা রানীকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন স্বামী শ্রী কৃষ্ণচন্দ্র রায় (৩৫)। গতকাল রবিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীর জীবন রক্ষা করতে গিয়ে প্রাণ হারান তিনি। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর দাফাদার টুলি গ্রামে। শ্রী কৃষ্ণচন্দ্র রায় ওই এলাকার খাটাসু চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে শ্রী কৃষ্ণর স্ত্রী রাধিকা রানী বাড়ির পুকুরে ব্যবহৃত বৈদ্যুতিক বাল্ব খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করতে থাকেন। এ সময় তার স্বামী তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকার শুনে ছেলের স্ত্রী বিমলা রানীও বিদ্যুতের তারে জড়িয়ে যান। এ সময় স্থানীয়রা এসে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন। তাদের তিনজনকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক শ্রী কৃষ্ণকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত রাধিকা ও বিমলা রানীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।