জামিনের মেয়াদ আরও দুই সপ্তাহ বাড়ল

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষের চলাচল ও কার্যক্রমে সরকার ঘোষিত বিধি নিষেধের মধ্যে ইতিমধ্যে পাওয়া জামিন এবং সব অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। প্রধান বিচারপতির আদেশক্রমে গতকাল রবিবার সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া হয়েছে বা যেসব মামলায় উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন দেওয়া হয়েছে, যেসব মামলায় নির্দিষ্ট সময়ের জন্য অন্তবর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে সেসব মামলার জামিন ও সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশসমূহের কার্যকারিতা গত ৪ এপ্রিলের বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আগামী দুই সপ্তাহ পর্যন্ত বর্ধিত হয়েছে মর্মে গণ্য হবে।

এর আগে গত ৪ এপ্রিল প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানায়, জামিন ও সব ধরনের অন্তর্বর্তীকালীন আদেশের কার্যকারিতা দুই সপ্তাহ পর্যন্ত বাড়ানো হলো।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে মানুষের চলাচলে সরকার ঘোষিত বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে গত ৫ এপ্রিল থেকে বন্ধ রয়েছে বিচারিক আদালতের নিয়মিত কার্যক্রম। গত ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য নতুন করে বিধিনিষেধ জারি করে সরকার। এ পরিস্থিতিতে গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তিতে অধস্তন আদালতগুলোকে ১২ এপ্রিল থেকে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে শুধু জামিন ও জরুরি ফৌজদারি দরখাস্ত নিষ্পত্তির নির্দেশ দেয়।