আশুলিয়ায় ভাঙ্গারি দোকানের গোডাউনে আগুন

আশুলিয়ায় ভাঙ্গারি দোকানের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শনিবার রাত ১১টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের পাশে আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়। পরে আগুনের ভয়াবহতা দেখে আরও ২টিসহ মোট ৪টি ইউনিট আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম রাতে বলেন, আশুলিয়ার বগাবাড়ী এলাকায় ভাঙ্গারি দোকানের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আছে তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস এখনো কাজ করছে।  প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না।