কাদেরের বোনের বাড়িতে ককটেল হামলার অভিযোগ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট বোন তাহেরা বেগমের নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাড়িতে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার গভীর রাতে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কোর্ট বিল্ডিং সংলগ্ন মন্ত্রীর ছোট বোনের বাসা তাহেরা মঞ্জিল লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে পরিবারটির সদস্যরা জানিয়েছেন। পরে গতকাল রোববার সকালে বাড়িটির পাশ থেকে অবিস্ফোরিত ৫টি ককটেল উদ্ধার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানায়, গতকাল সকাল ১০টায় তাহেরা মঞ্জিলের পাশের পুকুরপাড় ও আশপাশ থেকে অবিস্ফোরিত ৫টি ককটেল উদ্ধার করা হয়। অবিস্ফোরিত ৫টি ককটেল উদ্ধারের পর পানিভর্তি বালতির মধ্যে ডুবিয়ে নিষ্ক্রিয় করা হয়।

সেতুমন্ত্রীর ভাগনে হুমায়ন রশীদ মিরাজ দেশ রূপান্তরকে বলেন, ‘শনিবার রাত সাড়ে ১২টার দিকে কাদের মির্জার অনুসারী বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কেচ্ছা রাসেল, সাজু, দীপক এবং ৯ নম্বর ওয়ার্ডের জিসানসহ ১০-১২ জন আমাদের বাসার পেছন থেকে বাসা লক্ষ্য করে ককটেল হামলা চালায়। বাড়ির পেছনে পুকুর থাকায় নিক্ষেপিত ককটেলগুলোর মধ্যে ৫টি পুকুর ও আশপাশে পড়ে। যা পরে পুলিশ উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘১৫ থেকে ১৬টি ককটেল নিক্ষেপ করা হয়, যার বেশিরভাগই দেয়ালে লাগে। একটি জানালার ফাঁক দিয়ে ঘরে এসে পড়ে। হামলাকারীরা মোটরসাইকেলযোগে এসেছিল।’

ককটেল নিক্ষেপের ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ জমা দেয়নি বলে জানিয়েছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।