ভালুকায় ছিনতাই হওয়া গরু টাঙ্গাইল থেকে উদ্ধার

ময়মনসিংহের ভালুকা থেকে ছিনতাই হওয়া ৭টি গরু টাঙ্গাইল থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, গুরু গুলো বহনকারী পিকআপটি উদ্ধার করা হয় ঢাকার সাভার থেকে।

সোমবার ভালুকা মডেল থানা এ তথ্য জানায়। ওসি (অপারেশন) আবু বক্কর সিদ্দিক ও এস. আই. আবুল কালামের নেতৃত্বে এসব গরু ও পিকআপ উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ময়মনসিংহের গৌরীপুরের গরুর ব্যাপারী হ‌ুমায়ূন কবির জেলার ঈশ্বরগঞ্জের বাজার থেকে ৭টি গরু কিনে পিকআপে করে ঢাকার উত্তরা যাচ্ছিলেন। পথিমধ্যে রাত একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহরাবাড়ি এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী পিকআপসহ গরুগুলো ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় গরুর ব্যাপারী বাদী হয়ে ভালুকা থানায় একটি মামলা করেন।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভানীকাত্রা গ্রাম থেকে ৩টি ও ওই দিন বিকেল ৫ টায় ভুয়াপুর উপজেলার একটি গ্রাম থেকে ছিনতাই হওয়া আরও ৪টি গরু উদ্ধার করে। সোমবার দুপুরে সাভারের বড়াইপাড়া গ্রাম থেকে ছিনতাই হওয়া পিক-আপটি উদ্ধার করেন।

ওসি অপারেশন সিদ্দিকুর রহমান জানান, পিক আপ ও গরুগুলো উদ্ধারের জন্য গত ৩দিন যাবৎ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছি। টাঙ্গাইল থেকে ৭টি গরু ও সাভার থেকে ছিনতাই হওয়া পিকআপটি উদ্ধার করেছি। ঘটনার সাথে জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।