পাঠ–উন্মোচিত হলো স্টিফেন হকিং–এর অনবদ্য ভাষ্য ‘গ্র্যান্ড ডিজাইন’–এর বাংলা রূপান্তরের। বইটি রূপান্তর করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক, লেখক, গবেষক ড. সেলিম মোজাহার।
বইটি স্টিফেন হকিং ও লিওনার্দ ম্লোদিনোর যৌথভাবে লেখা ‘গ্র্যান্ড ডিজাইন’ গ্রন্থের [২০১০] সরাসরি অনুবাদ নয়। একই নামে হকিংয়ের কণ্ঠস্বরে চিত্রিত একটি তথ্যচিত্র ত্রয়ীর [২০১২] বাংলা রূপান্তর এ-বই। যার মূল উপজীব্য সৃষ্টি, মহাসৃষ্টি, মানব-অস্তিত্ব, মানবজীবন, মানব-জীবনের মানে বা তাৎপর্য ইত্যাদি।
বৃহস্পতিবার বিকেলে অনলাইন পাঠ–উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল [বিএসি]-এর চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. সুশান্ত দাশ এবং বাংলা একাডেমির হালিমা শরফুদ্দিন বিজ্ঞান-পুরস্কার প্রাপ্ত, বিজ্ঞান-বক্তা ও বিজ্ঞান-বিষয়ক পত্রিকা ‘মহাবৃত্ত’ সম্পাদক আসিফুর রহমান।
অনুষ্ঠানে ড. সেলিম মোজাহার বলেন, আমি আশা করি কেবল বিজ্ঞান নয়; সাহিত্য-শিল্প-সমাজ-দর্শন-সহ জ্ঞানের সব শাখার পাঠকের কাছে বইটি প্রয়োজনীয় ও সুখপাঠ্য হবে।
বিজ্ঞান বক্তা আসিফ বলেন, এ-বইটি বাংলা ভাষার বিজ্ঞান-সাহিত্যে নতুন সংযোজন। তিনি বলেন, এটা নিঃসন্দেহে এক দারুণ কাজ।
অধ্যাপক সুশান্ত দাশ বলেন, বইটি এতটা সুললিত ভাষায় রূপান্তরিত যে, যে-কোনো বিষয়ের পাঠকের কাছে সহজবোধ্য ও সমাদৃত হবে। আমি এ-জন্যে সেলিমকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। তার মতে, বইটি বাংলার জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করবে।
অধ্যাপক মেসবাহউদ্দিন বলেন, সাধারণ মানুষের কাছে বিজ্ঞানকে তুলে ধরার ক্ষেত্রে এ-বইটি এক অসাধারণ প্রয়াস।
বইটির প্রকাশক 'বুকিশ পাবলিকেশন্স' ও 'মনন সংস্কৃতি ফাউন্ডেশন'-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, লেখক-গবেষক ড. মাহবুবুল হক।