দিনাজপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

দিনাজপুরের কাহারোল উপজেলায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অপর এক শিশু গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

রবিবার দুপুর সাড়ে ১২টায় জেলার কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের চামদুয়ারি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত তারিম ইসলাম (১৪) চামদুয়ারি গ্রামের মোন্নাফ আলীর ছেলে। আহত ঝিনুক (১২) একই এলাকার মাসুদ আলমের মেয়ে।

ডাবোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় দেশ রূপান্তরকে জানান, দুপুরে বাড়ীর পাশের পুকুর পাড়ে শিশু তারিম ও ঝিনুক একটি ফাঁকা ঘরে খেলা করছিল। এ সময় সেখানে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারিমকে মৃত বলে ঘোষণা করেন।

ঝিনুককে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।