হেফাজতের চার কর্মীর জামিন স্থগিত চেম্বার আদালতে

হেফাজতে ইসলামের ডাকা হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আলাদা দুই মামলায় সংগঠনের চার কর্মীকে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। তারা হলেন ইকবাল হোসেন, মোয়াজ্জেম হোসেন, কাওছার আহমেদ ও ফারুক হোসেন। হাইকোর্টের দেওয়া জামিনের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক তিনটি আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল রবিবার চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান এ স্থগিতাদেশ দেন।

আদালতে ভিডিও কনফারেন্সে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) বিশ্বজিৎ দেবনাথ। ডিএজি বিশ^জিৎ দেবনাথ দেশ রূপান্তরকে বলেন, ‘হাইকোর্ট এ চারজনকে জামিন দিয়েছিল। জামিন স্থগিত চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার আদালত তাদের জামিন স্থগিত করেছেন।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরবিরোধী বিক্ষোভে সহিংসতার সময় হতাহতের ঘটনায় গত ২৮ মার্চ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। ওইদিন সিদ্ধিরগঞ্জে গাড়ি পোড়ানো, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সংশ্লিষ্ট থানায় ২৯ মার্চ দুটি মামলা করে পুলিশ ও র‌্যাব। এ মামলায় এ চারজনকেও আসামি করা হয়। পরে চারজন জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। শুনানি নিয়ে হাইকোর্টের একটি ভার্চুয়াল বেঞ্চ গত ৫ মে তাদের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশসহ জামিন প্রশ্নে রুল জারি করে। এরপর জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।