কোথায় আঘাত হানতে পারে তা নিয়ে কয়েক দিনের জল্পনা-কল্পনা ও শঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে মহাকাশে নিয়ন্ত্রণহীন চীনা রকেটের ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে আছড়ে পড়েছে। গতকাল রবিবার সকালে এটি মালদ্বীপের পশ্চিমের মহাসাগরে পতিত হয় বলে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে।
২৯ এপ্রিল ‘লং মার্চ ৫বি’ নামের ওই রকেট চীনের হাইনান দ্বীপ থেকে পৃথি বীর কক্ষপথের উদ্দেশে রওনা হয়। তার কিছু সময় পরেই জানানো হয় রকেটটির দুর্ঘটনার খবর।
চীনা মহাকাশ সংস্থা জানায়, রকেটটির ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর তা ভারত মহাসাগরে মালদ্বীপের কাছে পড়েছে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় তার ধ্বংসাবশেষের বেশির ভাগ অংশ ভেঙে ধ্বংস হয়ে যায়।
পর্যবেক্ষণ সংস্থা স্পেস-ট্র্যাকও নিশ্চিত করেছে, চীনা রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তা সাগরে পড়েছে। মার্কিন সেনাবাহিনীর তথ্য ব্যবহার করে স্পেস-ট্র্যাক। স্পেস-ট্র্যাক টুইট করে বলেছে, তারা মনে করছে, রকেটের ধ্বংসাবশেষ ভারত মহাসাগরে পড়েছে।
মহাকাশে নতুন একটি স্পেস স্টেশন তৈরির চেষ্টা করছে চীন। এর অংশ হিসেবে গত মাসে প্রথম মডিউল পাঠায় দেশটি। এই মডিউল পাঠাতে লং মার্চ-৫বি নামের রকেটে উৎক্ষেপণ করা হয়েছিল।
এর আগে গত বছর আরেকটি রকেটের ধ্বংসাবশেষ পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টের গ্রামে পড়েছিল। এতে সেই দেশের নানা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।