রাজবাড়ীর গোয়ালন্দে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন তুষার শেখ (১৬) নামে এক কিশোর।
শনিবার সকাল ৯টার দিকে গোয়ালন্দের উজানচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিশ্বনাথপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত চাচাতো ভাই ও তার মাকে আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল তায়াবীর।
আটকরা হলেন- নিহতের চাচি মোছা. ফেরদৌসি (৪০) ও ফেরদৌসির ছেলে বাঁধন শেখ (১৮)।
নিহত তুষার শেখ গোয়ালন্দের উজানচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিশ্বনাথপাড়ার মো. আসলাম শেখের ছেলে এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।
উজানচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদুল ইসলাম বলেন, তুষারের বাবা আসলাম শেখের সাথে তার ভাই পলাশ শেখের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আমি নিজেও এর আগে অনেকবার বিষয়টি নিয়ে গ্রাম্য শালিস করেছি।
সকালে চাচাত ভাই তুষারকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়ারীর জানান, সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় পলাশের স্ত্রী ফেরদৌসী ও ছেলে বাঁধনকে আটক করে থানায় আনা হয়েছে। তবে পলাশ পলাতক রয়েছে।