করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জয় গোস্বামী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন কবি জয় গোস্বামী।

রবিবার রাতে কোভিড-১৯ পজিটিভ ফল পান তিনি। তবে উপসর্গ থাকায় সন্ধ্যায়ই তাকে বেলেঘাটার একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল কবির অবস্থা।

কলকাতার সংবাদমাধ্যমগুলো তাদের খবরে বলেছে, জয় গোস্বামীর স্ত্রী কাবেরী গোস্বামীও অসুস্থ। তারও করোনার মৃদু উপসর্গ রয়েছে। তাই তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনিও ভালো আছেন বলে খবর।

আনন্দবাজার পত্রিকা তাদের প্রতিবেদনে লিখেছে, রবিবার সকালে কাঁপুনি দিয়ে জ্বর আসে জয় গোস্বামীর। সঙ্গে বমিও হতে থাকে। শরীরের তাপমাত্রা ১০৩ থেকে ১০৪-এ পৌঁছে গেলে বেলেঘাটা আইডিতে নিয়ে যাওয়া হয় সন্ধ্যায়।

প্রথমে নন-কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল ৬৬ বছরের কবিকে। পরে পরীক্ষার রিপোর্ট পজিটিভ এলে কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় তাকে।

জয় গোস্বামীর মেয়ে দেবত্রী বলেন, ‘বাবা ও মায়ের অক্সিজেনের মাত্রা এখনো পর্যন্ত স্বাভাবিক। সকাল থেকেই শরীর খারাপ ছিল। জ্বর বাড়তে থাকে। তার পরেই কোভিড পরীক্ষা করানো হয়। কিন্তু রিপোর্ট আসার আগেই ভর্তি করে দেওয়ার সিদ্ধান্ত নিই আমরা।’

রাতে রিপোর্ট পজিটিভ আসলে কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় জয়কে। সোমবার তার স্ত্রী কাবেরীরও কোভিড পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন দেবত্রী।