আদিতমারীতে বিএসএফের গুলিতে যুবক আহত

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে মিলন ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ভোরে উপজেলার দুর্গাপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মিলন ইসলাম উপজেলার সাপ্টিবাড়ী গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি চওড়াটারী সীমান্তে তার নানা আফজাল মিয়ার বাড়িতে থাকতেন বলে জানা গেছে।

ওই এলাকার ইউপি সদস্য মোস্তাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বর্ডার গার্ড (বিজিবি) ও এলাকাবাসী সূত্র জানায়, মঙ্গলবার ভোরে চার-পাঁচজনের গরু পারাপারকারী একটি দল আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের চওড়াটারী বজলার দীঘি এলাকার ৯২৫নং মেইন পিলার অতিক্রম করে ভারতের ১০০ গজ অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় টহলরত ভারতের কোচবিহার জেলার ১০০বিএসএফ ব্যাটালিয়ন পদনা ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মিলন ইসলাম কোমরে গুলিবিদ্ধ হন।

এ সময় তার সহযোগীরা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্প কমান্ডার হাবিলদার জাহিদ হোসেন বলেন, এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।