ফরাসি বিপ্লবের পর স্থাপিত প্যারিসের বিখ্যাত ল্য ম্যুজে দ্যু লুভর বা লুভর জাদুঘরের প্রধান হচ্ছেন একজন নারী। ৫৪ বছর বয়সী লরেন্স ডেস কারসকে নতুন প্রেসিডেন্ট-ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, লরেন্স বর্তমানে প্যারিসের অন্য একটি জাদুঘর ও একটি আর্ট গ্যালারির পরিচালকের দায়িত্ব পালন করেন।
১ সেপ্টেম্বর থেকে লুভরের দায়িত্ব নেবেন লরেন্স। তৃতীয় মেয়াদসহ আট বছর ধরে এ দায়িত্ব পালন করছিলেন জিন-লুচ মার্টিনেজ। সম্প্রতি আবারও পদে থাকার চেষ্টা করে কর্তৃপক্ষের রোষের মুখে পড়েন তিনি।
লরেন্স ডেস কারস ফ্রান্সের অভিজাত পরিবারের সদস্য। তার পরিবারে রয়েছে নামজাদা সাহিত্যিক ও শিল্পানুরাগী। তিনি নিজেও উনিশ শতকের চিত্রকলার বিশেষজ্ঞ। ১৯৯৪ সালে একটি জাদুঘরে কিউরেটর হিসেবে কাজ করেন, ২০০৭ সালের আরেকটি জাদুঘরের দায়িত্ব নেন।
সারা বিশ্বের শিল্পপ্রেমীদের কাছে অন্যতম তীর্থ লুভর জাদুঘর। উইকিপিডিয়া জানায়, ১৭৯৩ সালের ১০ আগস্ট ৫৩৭টি চিত্রকর্মের একটি প্রদর্শনীর মাধ্যমে জাদুঘরটি উদ্বোধন করা হয়। যা মূলত রাজা ও গির্জার সংগ্রহ থেকে নেওয়া হয়েছিল।
নেপোলিয়নের শাসনামলে যুদ্ধের সময় ফরাসি সেনাবাহিনী কর্তৃক বাজেয়াপ্ত শিল্পকর্ম দিয়ে জাদুঘরের সংগ্রহ আরও সমৃদ্ধ হয়, কিন্তু তার মৃত্যুর পর সেগুলোর বেশির ভাগই মূল মালিকদের ফিরিয়ে দেওয়া হয়। রাজা ১৮শ লুই ও ১০ম শার্লের সময়কাল ও দ্বিতীয় ফরাসি সাম্রাজ্যের পর্বে জাদুঘরটির সংগ্রহে প্রায় ২০ হাজার শিল্পকর্ম যোগ করা হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে অনুদান ও অধিগ্রহণের মাধ্যমে জাদুঘরের সংগ্রহ বৃদ্ধি পাচ্ছে।
বর্তমানে লুভর জাদুঘরের সংগ্রহ ৮টি বিভাগে বিভক্ত। এগুলো হলো— প্রাচীন মিসরীয়, নিকট প্রাচ্য, গ্রিক, এত্রুস্কান, রোমান, ইসলামি শিল্পকলা, ভাস্কর্য, আলংকারিক শিল্পকলা, চিত্রকর্ম, ছাপশিল্প ও অঙ্কন।