পদ্মায় ট্রলার ডুবি: শিশুর মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় মাঝিরঘাট-শিমুলিয়া নৌপথে একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে জাজিরা উপজেলার কুন্ডেরচর আব্দুল মল্লিকের কান্দি এলাকার পদ্মা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার তদন্ত ওসি মিন্টু মন্ডল।

নিহত খাদিজা আক্তার (৩) বরগুনা সদর উপজেলার পাথাঘাটা গ্রামের মো. বজলু মিয়া ও শাহীনুর আক্তার দম্পতির মেয়ে। 

এর আগে গত বৃহস্পতিবার ট্রলারের যাত্রী আব্দুর রহমান আকন (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

জাজিরা উপজেলা প্রশাসন সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলমাঝির ঘাট-শিমুলিয়া নৌপথে সব ধরনের নৌযান বন্ধ রয়েছে। এ কারণে কয়েকজন ব্যক্তি জাজিরার পালেরচর এলাকা থেকে একটি মাছ শিকারের ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছিলেন।

গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ১৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি পালেরচর ঘাট থেকে ছেড়ে যায়। পাঁচটার দিকে পদ্মা নদীর মাঝে প্রবল স্রোত ও ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় বিভিন্ন নৌযান ১১ জনকে জীবিত উদ্ধার করে।

তাদের মধ্যে ৬ জনকে চিকিৎসার জন্য জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সন্ধ্যার দিকে বাবুরচর এলাকা থেকে আব্দুর রহমান আকনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তিনি জাজিরার ফকির মাহমুদ আকনকান্দি গ্রামের বাসিন্দা। ব্যক্তিগত কাজে ঢাকা যাচ্ছিলেন তিনি।

চারজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন ইমাম হোসেন (২৫) ও রমজান (৬)।