দীর্ঘ দুই মাস পর পর্যটন নগরী কক্সবাজারে চালু হচ্ছে বিমান চলাচল। মঙ্গলবার থেকে বেসরকারি দুটি এয়ারলাইনস কোম্পানির ফ্লাইট চলাচল করবে। এ ছাড়া আগামী বৃহস্পতিবার থেকে ফ্লাইট চলবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের।
সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দিয়েছে।
জানা গেছে, আপাতত দিনে কক্সবাজারে সর্বোচ্চ দুটি করে ফ্লাইট পরিচালনা করতে পারবে এয়ারলাইনসগুলো। বেবিচকের অনুমতি পাওয়ার পরপরই মঙ্গলবার থেকে রুটটিতে ফ্লাইট চালুর ঘোষণা দেয় বেসরকারি এয়ারলাইনস ইউএসবাংলা ও নভোএয়ার। পরে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে কক্সবাজারে দিনে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।
নভোএয়ার জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার থেকে কক্সবাজারে দিনে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রথম ফ্লাইটটি যাবে সকাল সাড়ে ৯টায়; দ্বিতীয়টি বিকেল ৩টায়। কক্সবাজার থেকে বেলা ১১টা ৫ মিনিটে একটি এবং বিকেল চারটা ৩৫ মিনিটে আরেকটি ফ্লাইট ঢাকায় আসবে।
ইউএস-বাংলা এয়ারলাইনস বলেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ও বেলা সাড়ে তিনটায় দুটি ফ্লাইট ঢাকা থেকে কক্সবাজার যাবে। আর সকাল ১১টা পাঁচ মিনিট ও বেলা পাঁচটা পাঁচ মিনিটে একটি ফ্লাইট কক্সবাজার থেকে ঢাকায় আসবে।
বেবিচকের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার শুরুতে ৫ এপ্রিল থেকে নানা বিধিনিষেধ আরোপ করে। এই সময় আন্তজেলা পরিবহনগুলোর মতো বন্ধ করা হয় অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও।
তিনি আরও বলেন, গত ২১ এপ্রিল থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট চলাচলের অনুমতি দেয় বেবিচক। এই সময় কক্সবাজার ও রাজশাহী ছাড়া বাকি পাঁচটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট শুরু হয়। পরে রাজশাহীতে ফ্লাইট চালানোর অনুমতি দেয়া হলেও কক্সবাজারে ফ্লাইট চলাচল বন্ধ ছিল।