বাগেরহাটে সংক্রমণের হার ৫০ শতাংশ

বাগেরহাটে করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ বেড়েই চলেছে। জেলায় সংক্রমণের হার ৫০ শতাংশ। তবে ফকিরহাট উপজেলায় সংক্রমণের হার ৬৫ শতাংশ।

ফকিরহাটে গত ২৪ ঘণ্টায় ২৩টি নমুনা পরীক্ষায় ১৫ জনের পজিটিভ এসেছে। বাগেরহাটে নতুন করে ৮৯ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।

মোট ১৭৯টি নমুনা পরীক্ষায় ৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। জেলায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার প্রায় ৫০ শতাংশ।

 জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় ২০টি নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণের হার ৫০ শতাংশ।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে বলে জানায় সিভিল সার্জন অফিস।

এ নিয়ে বাগেরহাটে করোনা সংক্রমণের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪৭৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৬৩ জন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে দ্বিতীয় ঢেউয়ে গত মার্চ মাস থেকে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে।

তিনি বলেন, চিকিৎসার জন্য ৫০ শয্যার একটি করোনা ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত রাখা আছে। সেখানে সেন্ট্রাল অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ রাখা হয়েছে।