চাঁদপুরে ১৫ মণ পাঙ্গাশ পোনা জব্দ

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ১৫ মণ পাঙ্গাশ পোনা জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার মধ্যরাতে মেঘনা মোহনায় এই অভিযান চালানো হয়। পরে রবিবার সকালে জব্দকৃত মাছ স্থানীয় গরিব ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এদিন দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এই তথ্য জানান।

তিনি বলেন, শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লে. এম সাদিক হোসেনের নেতৃত্বে চাঁদপুরের মেঘনা মোহনায় অভিযান চালানো হয়। অভিযানে হাতিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এম ভি ফারহান-৪ লঞ্চে তল্লাশি চালিয়ে প্রায় ১৫ মণ পাঙ্গাশ মাছের পোনা জব্দ করা হয়।

তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে সকালে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও গরিব মানুষে মাছে বিতরণ করা হয়। অভিযানে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, পদ্মা ও মেঘনার নদীর মেহনা দেশি পাঙ্গাশের প্রজনন কেন্দ্র, কিছু অসাধু জেলেরা বড় বড় চাই দিয়ে দেশি পাঙ্গাশ মাছের পোনা নষ্ট করে। অসাধু জেলের যেন অবৈধভাবে মাছের পোনা নষ্ট করতে না পারে এ ব্যাপারে মৎস্য অধিদপ্তর, জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌ পুলিশসহ সকলের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।