আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার খাঁন ইকুইপমেন্ট নামের একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার মানিকপুর এলাকার আমিনুল ইসলামের ছেলে। সে ওই গ্যারেজের একজন শ্রমিক।

পুলিশ জানায়, সকালে গ্যারেজে একটি গাড়ি পরিষ্কার করতে গিয়ে পানির মটরে বিদ্যুতের সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন কবির বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবার আসলে তাদের সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।