বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মাসব্যাপি ২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু হবে মঙ্গলবার। চলবে ৩১ জুলাই পর্যন্ত। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারের প্রদর্শনী ভার্চুয়াল এবং শারীরিক উপস্থিতিতে আয়োজনের পরিকল্পনা নিয়ে সাজানো হয়েছে।
রবিবার এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত জানানো হয়। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, “যতদিন লকডাউন থাকবে ততদিন প্রদর্শনী হবে অনলাইন প্ল্যাটফর্মে; পরিস্থিতি শিথিল হলে প্রদর্শনী হবে শারীরিক উপস্থিতিতে।” এ সময় আরো বক্তব্য দেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দ মাহবুবা করিম।
আয়োজকেরা জানান, প্রদর্শনীর নীতিমালা অনুযায়ী ২১ বছরের উর্ধে বাংলাদেশের ৭৮৬ জন শিল্পীর সহস্রাধিক শিল্পকর্মের আবেদন জমা পড়ে। শিল্পকর্ম নির্বাচকমন্ডলী বিভিন্ন মাধ্যমের ৩২৩ জন শিল্পীর ৩৪৭টি শিল্পকর্ম নির্বাচন করেন। নির্বাচিত এ সকল শিল্পকর্মের মধ্যে রয়েছে চিত্রকলা ১৫৭টি, ছাপচিত্র ৫৩টি, আলোকচিত্র ১৭টি, ভাস্কর্য ৪৭টি, প্রাচ্যকলা ১০টি, মৃত্শিল্প ৭টি, কারুশিল্প ২০টি, গ্রাফিক ডিজাইন ৫টি, স্থাপনাশিল্প ১৮টি, নিউ মিডিয়া আর্ট ৭টি, পারফরমেন্স আর্ট ৬টি।
শিল্পকর্ম নির্বাচন কমিটির সদস্যরা হলেন শিল্পী মামুন কায়সার, শিল্পী মাহমুদা বেগম, শিল্পী মো. মুছলিম মিয়া, শিল্পী স্বপন কুমার সিকদার এবং শিল্পী ফারুক আহাম্মদ মোল্লা।
এ বছরের নতুন সংযোজন চারজন কিউরেটরের তত্ত্বাবধানে চারটি ভিন্ন মাত্রার আর্ট প্রজেক্ট প্রদর্শনীতে যুক্ত করা হয়েছে। প্রত্যেক কিউরেটরের অধীনে দশজন করে শিল্পী কাজ করেছেন। কিউরেটরগণ হলেন শিল্প কনক চাঁপা চাকমা, শিল্পী মো. কামরুজ্জামান চৌধুরী, শিল্পী মো. জিহান করিম, শিল্পী জয়দেব রোয়াজা।
জাতীয় চিত্রশালার ৬ নং গ্যালারিতে এই কিউরেটেড উপস্থাপনার আয়োজন রাখা হয়েছে। এছাড়া চিত্রশালার ১, ২, ৪, ৫ ও ৬ নং গ্যালারিতে প্রদর্শনী চলবে।
মঙ্গলবার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি থাকবেন শিল্পী আব্দুল মান্নান। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দ মাহবুবা করিম।
এবার প্রদর্শনীর প্রত্যেকটি মাধ্যমে একটি করে মোট ১১টি শ্রেষ্ঠ পুরস্কার দেয়া হবে। এছাড়া সকল মাধ্যম মিলিয়ে “বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার-২০২১” নামে একটি শ্রেষ্ঠ পুরস্কার দেয়া হবে। মাধ্যমভিত্তিক প্রতিটি শ্রেষ্ঠ পুরস্কারের জন্য এক লক্ষ টাকা এবং সকল মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কারের জন্য দুই লক্ষ টাকা প্রদান করা হবে। এছাড়া একটি মেডেল, একটি ক্রেস্ট ও একটি সার্টিফিকেট প্রদান করা হবে। পাঁচটি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হবে যার প্রতিটির মূল্যমান পঞ্চাশ হাজার টাকা। সাথে স্পন্সরশীপ পুরস্কারও রয়েছে।
পুরস্কার নির্বাচনের জন্য জুরি কমিটির সম্মানিত সদস্যগণ হলেন শিল্পী আব্দুল মান্নান, শিল্পী আবুল বারক আলভী, শিল্পী ড. ফরিদা জামান, শিল্পী ড. মোস্তফা শরীফ আনোয়ার, শিল্পী সৈয়দা মাহবুবা করিম, শিল্পী মোস্তফা জামান।
ঘরে বসে ভার্চুয়াল গ্যালারিতে প্রদর্শনী উপভোগ করার জন্য সকলকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ওয়েবসাইট www.shilpakala.gov.bd এবং www.facebook.com/shilpakalapage ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।