ভারতে অনুপ্রবেশের চেষ্টা

পাটগ্রামে তিনজনকে আটক করেছে বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা সীমান্ত হয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তিদের গতকাল রবিবার দুপুরে মামলা দিয়ে পাটগ্রাম থানায় হস্তান্তর করেছে বিজিবি।

বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে দহগ্রামের সরকারপাড়া সীমান্ত এলাকার প্রধান পিলার (ডিএএমপি) ৯ নম্বরের কাছ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে কিছু লোক। এ সময় দহগ্রাম বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধাওয়া দিয়ে আটক করেন। আটকরা হলো আল-আমিন (২৬), শামীম হোসেন (২৮) ও শহিদুল ইসলাম (১৬)। তাদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা করেছে।