ভাসানচরের থানা হাজতের জানালার গ্রিল ভেঙে পালানোর ১৬ ঘণ্টা পর রোহিঙ্গা যুবক শাহেদ উদ্দিনকে (৩০) ফের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ভাসানচর থানার পুলিশ এ খবর নিশ্চিত করেছে।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম জানান, গত মে মাসে নৌবাহিনীর ওয়ার হাউজে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার রাতে শাহেদকে পুলিশ গ্রেপ্তার করে। তাকে ভাসানচর হাজতখানায় রাখা হয়। শুক্রবার রাত তিনটায় শাহেদ হাজতের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায়।
ওসি আরও জানান, সে আশ্রয়ণ প্রকল্পের ৫৬ নং ক্লাস্টারের ৬ নং কক্ষে বসবাস করত। পালানোর পর থেকে তাকে গ্রেপ্তারের জন্য ভাসানচর ও আশেপাশের এলাকায় পুলিশ অভিযান চালায়। সন্ধ্যা সাড়ে সাতটায় পুলিশ তাকে রোহিঙ্গা বসতি থেকে প্রায় দুই কিলোমিটার উত্তর-পূর্ব দিকে গো-মহিষ চরানো রাখালদের একটি খালি ঘর থেকে পুনরায় গ্রেপ্তার করে।