৪৯ বাংলাদেশি উদ্ধার

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া একটি নৌকার ৪৯ অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার তাদের উদ্ধার করা হয় বলে তিউনিসিয়ার নৌবাহিনীর বিবৃতির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্যাপ গতকাল শুক্রবার এ তথ্য জানায়।

তিউনিসিয়ার নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ৪৯ জন বাংলাদেশি ৫ জুলাই লিবিয়ার জুয়ারা উপকূল থেকে ইউরোপ যেতে ভূমধ্যসাগরে একটি নৌকায় চড়ে বসেন। ১৬ থেকে ৫০ বছর বয়সের এসব অবৈধ অভিবাসনপ্রত্যাশী যাত্রার তিন দিন পর জারজিস উপকূল থেকে ৮০ মাইল দূরে তাদের নৌকাটি ভেঙে ডুবে যায়। তখন ওই ৪৯ বাংলাদেশি একটি তেলের ট্যাংকারে আশ্রয় নেয়। সেখান থেকে তিউনিসিয়ার নৌবাহিনীর একদল সদস্য তাদের উদ্ধার করে জারজিসে নিয়ে যায়।

এর আগে ৩ জুলাই লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে বাংলাদেশ, মিসরসহ ৪টি দেশের অন্তত ৪৩ জন অভিবাসী ও শরণার্থীসহ ভূমধ্যসাগরে একটি বিধ্বস্ত নৌকা ডুবে যায়। বাংলাদেশিসহ ওই ৪৩ জনের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি।