নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনার মামলার প্রধান আসামি জুয়াড়িদের দলনেতা আকবর বাদশাকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব ও নৌ-পুলিশ। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার তারাব পৌরসভার তারাব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আকবর বাদশা পৌরসভার তারাব এলাকার বারেক মিয়ার ছেলে।
ডেমরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিন্টু মোল্লা গতকাল রবিবার বিকেলে আকবর বাদশাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২০ ফেব্রুয়ারি ডেমরা পুলিশ ফাঁড়ির পুলিশ শীতলক্ষ্যা নদীর পূর্বপাশে জুয়াবিরোধী অভিযান চালালে জুয়াড়িরা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই আরিফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।