কুমিল্লার বরুড়ায় শ্বশুরবাড়িতে বিষ খাইয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বাগেরহাটের মোরেলগঞ্জে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্যদিকে পটুয়াখালীতে এক মোটরসাইকেলচালককে ছুরিকাঘাতে হত্যা এবং নাটোর ও নেত্রকোনায় দুই লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় মো. রাকিব হোসেন (২১) নামে এক যুবককে শ্বশুরবাড়িতে বিষ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক। নিহত রাকিব উপজেলার ভাউকসার গ্রামের আবদুল খালেক মিয়ার ছেলে।
নিহতের চাচা আবদুল বারী জানান, দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে পারিবারিক কলহ চলছে। রাকিব শ্বশুরবাড়িতে গেলে তাকে বিষ খাইয়ে গত বৃহস্পতিবার বিকেলে তার শ্যালক অচেতন অবস্থায় বাড়ির পাশে রেখে যায়।
বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে লিমন মোল্লা (১০) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের জোকা গ্রামে এ ঘটনা ঘটে। লিমন উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের জোকা গ্রামের এনামুল মোল্লার ছেলে।
মোরেলগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তরা লিমনকে তুলে নিয়ে বাগানে নিয়ে সুপারির পাতা দিয়ে গলায় পেঁচিয়ে শ^াসরোধে হত্যা করে। পরে তার মুখ গেঞ্জি দিয়ে বেঁধে মরদেহ ডোবার মধ্যে ফেলে দেয়।’
পটুয়াখালী : পটুয়াখালী-বরিশাল মহাসড়কের শিয়ালী এলাকায় অরোহীর ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন ফয়সাল (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত দেড়টায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল জেলার কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে। এ ঘটনায় রাতেই মোটরসাইকেলের যাত্রী সুজনকে (২২) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, ধারণা করা হচ্ছে মাদকসংশ্লিষ্ট কোনো বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে।
নাটোর : জেলার বড়াইগ্রামে নিখোঁজের ছয় দিন পর বিরজিনিয়া কস্তা (৭৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল উপজেলার বনপাড়া পৌরসভার সরদারপাড়া এলাকার মহাসড়কসংলগ্ন ডোবা থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। নিহত বিরজিনিয়া কস্তা বনপাড়া পৌরসভার হারোয়া গ্রামের মৃত যোসেফ কস্তার স্ত্রী। স্বজনরা জানান, তিনি বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত রবিবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান।
নেত্রকোনা : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় শিরেশ চন্দ্র সরকার (৬০) নামে গ্রামীণ ব্যাংকের নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হিরনপুরের ইয়ারনপুর গ্রামে মৃত সাফল্য চন্দ্র সরকারের ছেলে। পূর্বধলা থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে কোনো একসময় শিরেশ চন্দ্র রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করে থাকতে পারেন।