লক্ষ্মীপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৫

লক্ষ্মীপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের সাবেক এক নেতাসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  গত মঙ্গলবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাদের লক্ষ্মীপুর কারাগারে পাঠানো হয়।

মাছ ব্যবসায়ী খোকন বলেন, কমলনগরের মতিরহাট ও রামগতির মাছঘাট থেকে তার ইলিশবোঝাই দুটি পিকআপ ভ্যান ঢাকার উদ্দেশে রওনা হয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার পিয়ারাপুর এলাকায় এলে ৮-১০ জনের একটি দল নিজেদের মৎস্য কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় দিয়ে পিকআপের গতিরোধ করে। পরে চালক ও সহকারীকে জিম্মি করে লক্ষ্মীপুর শহরের বকুলতলা বেড়িবাঁধ এলাকায় নিয়ে যায় এবং হুমকিধমকি দিয়ে বিকাশের মাধ্যমে তার (খোকন) কাছ থেকে ৩০ হাজার টাকা আদায় করে। অন্য পিকআপ ভ্যানটি জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় পৌঁছলে টাকার জন্য সেটিও তারা আটক করে। এ ঘটনায় মাছ ব্যবসায়ী খোকন সদর থানায় একটি চাঁদাবাজি মামলা করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন রতন (৩০), জেলা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক সেবাব নেওয়াজ (৩০), বাবুল চন্দ্র দাস (৫০), ছাত্রলীগকর্মী শাকিল সুফি (২৭) ও নকিবুল হাসানসহ (৩০) পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

সদর মডেল থানার ওসি জসীম উদ্দিন জানান, আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।