একদিনের ব্যবধানে বরিশাল বিভাগে আবারও বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ৩২ জন মারা গেছেন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ১৫ জন আর উপসর্গ নিয়ে মারা গেছেন ১৭ জন। এটা বরিশাল বিভাগে সর্বোচ্চ মৃত্যু’র রেকর্ড।
এর আগে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে করোনায় ৫ জন ও করোনার উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২ হাজার ৩৬৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ৮৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৩১ শতাংশ।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বরিশাল ও বরগুনায় ৪ জন করে, ভোলা ও ঝালকাঠিতে ৩ জন করে এবং পিরোজপুরে ১ জন মারা যান।
উপসর্গে মারা মারা যান বাকি ১৭ জন। সবাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। এই হাসপাতালে এ নিয়ে গত বছরের এপ্রিল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপসর্গে নিয়ে ৮৩১ জন মরা গেছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হওয়া ৮৫৮ জনের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৩৩৫ জন, পটুয়াখালীতে ১৮২ জন, ভোলায় ১৭৬ জন, পিরোজপুরে ৭৪ জন, বরগুনায় ৬৪ জন, ঝালকাঠিতে ২৭ জন শনাক্ত হয়েছেন।
এ নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা ৩৬ হাজার ৯৯৮। এর মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ১৫ হাজার ৩৩২ জন, পটুয়াখালীতে ৫ হাজার ৪ জন, ভোলায় ৪ হাজার ৫৮৭ জন, পিরোজপুরে ৪ হাজার ৬৩৮ জন, বরগুনায় ৩ হাজার ২০০ জন ও ঝালকাঠিতে ৪ হাজার ২৩৭ জন রয়েছেন।