বরিশাল নগরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত ১টার দিকে বরিশাল নগরের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরের ভাটিখানা সেকশন রোড এলাকার বাসিন্দা ও ছাত্রলীগ নেতা আহমেদ হোসেন রুবেল (৩০) এবং কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মো. উজ্জল মাতুব্বর (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।
তিনি জানান, সোমবার রাত ১টার দিকে মোটরসাইকেলে করে যাওয়ার পথে হাসপাতালের সামনে বান্দরোডে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুইজনই গুরুতর আহত হন।
তাৎক্ষণিক তাদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলেকর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। তবে অভিযোগ না থাকায় মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যেতে চাচ্ছেন নিহতদের স্বজনরা।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।