সম্পূর্ণ ভাড়া মওকুফ করে শিল্পকলা একাডেমির সকল মিলনায়তন খুলে দেয়ার আবেদন জানিয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের কাছে এক চিঠিতে এ আবেদন জানানো হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘মন্ত্রী পরিষদ বিভাগের ১২ আগস্ট সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামী ১৯ আগস্ট থেকে নিয়মিত সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা ও বিকাশের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল মিলনায়তন ৫০% আসন সংরক্ষণ করে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়ার আবেদন করছি। দীর্ঘ করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত সংস্কৃতিকর্মীদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্যও বিশেষভাবে আবেদন করছি।
অনুষ্ঠান আয়োজন করার জন্য সাংস্কৃতিক সংগঠনকে প্রণোদনা দেয়ার আবেদনও জানানো হয়।