ছাপাখানায় আলভী আহমেদের গল্পের বই ‘ব্লাইন্ড স্পট’

হারুকি মুরাকামির নরওয়েজিয়ান উড, হিয়াদ দ্য উইন্ড সিং ও পিনবল, ১৯৭৩-এর অনুবাদ ছাড়াও বাজারে পাওয়া যায় লেখক ও নির্মাতা আলভী আহমেদের মৌলিক উপন্যাস ‘জীবন অপেরা’। এবার প্রকাশ হতে যাচ্ছে তার লেখা গল্পের সংকলন।​

‘ব্লাইন্ড স্পট’ নামের বইটি প্রকাশ করতে যাচ্ছে ঢাকার প্রতিশ্রুতিশীল প্রকাশনা সংস্থা বৈভব। বর্তমানে চলছে ছাপার কাছ। শুরু হয়েছে প্রি-অর্ডার।

লেখক জানালেন, সপ্তাহ খানেকের মধ্যে বাজারে এসে যেতে পারে ‘ব্লাইন্ড স্পট’।

প্রি-অর্ডার করা যাবে বৈভবের ফেইসবুক পেজে। প্রি-অর্ডার মূল্য ২১০ টাকার সঙ্গে যুক্ত হবে কুরিয়ার চার্জ ৩০ টাকা। অর্থাৎ, পাঠককে ২৪০ টাকা অগ্রিম পাঠাতে। এরপর বই প্রকাশ হওয়া মাত্রই শুরু হবে শিপিং।

প্রথম দশ জন প্রি-অর্ডারকারী পাবেন একটি করে টি-শার্ট গিফট। প্রি-অর্ডার চলবে ২৬ আগস্ট পর্যন্ত।

​এবার পড়ে নিন বইয়ের ফ্ল্যাপের লেখা—​​

কিছু মানুষ জীবনকে আশ্চর্য নির্লিপ্তভাবে নিতে জানে— ভেঙে পড়ে, কিন্তু মচকায় না। সুনির্দিষ্ট কোনো লক্ষ্য ঠিক করে এরা জীবনের পথে পা বাড়ায়নি। জীবনে এটা হতে হবে, ওটা করতে হবে তেমন কোনো অ্যামবিশন তাদের নেই।

নিঃসঙ্গ হতে চায়নি কখনো— তবু তারা একা। সে কারণেই মুহূর্তটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে হয় তাদের।

এরা বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। যা নেই তার চেয়ে যা আছে সেই বিষয়গুলোতে মনোযোগ দেয়। একদম কম্পাস দিয়ে মেপে একটা বৃত্ত এঁকে তার মধ্যে থাকতে চায়। শক্ত করে কিছু একটা আঁকড়ে ধরতে চায় যেন সেই বৃত্তের বাইরে তাদের কেউ টেনে নিতে না পারে। প্রায়শই ব্যর্থ হয় তারা। তখন ভেঙে পড়ে আবার।

তারা নিঃসঙ্গ কিছু মানুষ। আর নিঃসঙ্গতা ব্যাপারটাই বড় অদ্ভুত! যত দূরে সরতে চাইবেন, ততই সে আপনাকে পেয়ে বসবে। পার্টি করবেন, হুল্লোড়ে মাতবেন। নিস্তার নেই।

মানুষ শেষ পর্যন্ত একা। এমন এক গন্তব্যের দিকে সে ছুটে চলে যেখানে সে পৌঁছতে চায় না।

হার্ড কভারে প্রকাশিত ‘ব্লাইন্ড স্পট’-এ গল্প থাকছে ১১টি। প্রচ্ছদ করেছেন আরাফাত করিম।