পটুয়াখালী বাউফল সরকারি কলেজে এইচএসসির ছাত্রছাত্রীদের ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
বরিশাল শিক্ষা বোর্ডের তথ্যমতে, ফরম পূরণে বিজ্ঞান বিভাগে ১ হাজার ১৬০ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৭০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। কিন্তু বিভাগভেদে শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ১৭০ থেকে ২ হাজার ২৫০ টাকা ফি আদায় করা হচ্ছে। এতে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বাউফল সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের একাধিক শিক্ষার্থী ও অভিভাবক অভিযোগ করেন, বিভিন্ন সংবাদমাধ্যম থেকে তারা জেনেছেন করোনাকালীন ফরম পূরণের ফির অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না শিক্ষার্থীদের। কিন্তু কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের খুদেবার্তার মাধ্যমে জানিয়েছে ফি বাবদ বিভাগভেদে ২ হাজার ১৭০ থেকে ২ হাজার ২৫০ টাকা করে দিতে হবে। যারা উপবৃত্তি পায় এমন শিক্ষার্থীকে দিতে হবে ১ হাজার ৯৭০ টাকা। গত ৮ আগস্ট ফরম পূরণ শুরু হয়েছে এবং তা চলবে ২৯ আগস্ট পর্যন্ত।
২০১৪ সালের শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, সরকারি কলেজসমূহ উচ্চ মাধ্যমিক ও অনার্স পর্যায়ের শিক্ষার্থীদের কাছ থেকে ৩০টি খাতে অর্থ আদায় করতে পারবে। তবে সেই খাতগুলো পরিচালিত ও প্রযোজ্য হতে হবে। একাধিক অভিভাবক বলছেন, কভিড-১৯ মহামারীর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অধিকাংশ খাতে অর্থ আদায় করা যাবে না কারণ সেই খাতগুলো গত এক বছর যাবৎ সচল নয়।
বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বসার তালুকদার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা অতিরিক্ত অর্থ নিচ্ছি না বরং অনেক খাতের টাকা কমিয়ে দিয়েছি। আমরা কখনো কোনো শিক্ষার্থীর প্রতি অমানবিক হব না। যাদের সমস্যা তাদের কাছ থেকে টাকা কমিয়ে নেওয়া হবে। ফরম পূরণের টাকার বাইরে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী কর্মচারী ৪০০ (অ্যাকাডেমিক কাউন্সিল নির্ধারিত), উন্নয়ন ফি ২০০, বিবিধ ১০০, মসজিদ ৫০, ব্যবস্থাপনা ৫০ ও এক বছরের বেতন ২৪০ টাকা নেওয়া হচ্ছে।’
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘যদি অতিরিক্ত কোনো অর্থ আদায় হয়ে থাকে তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’