কুমিল্লায় ২ নারীকে ট্রাকচাপা

কুমিল্লায় দ্রুতগামী একটি ড্রামট্রাকের চাপায় সিএনজিচালিত দুই নারী অটোরিকশাযাত্রী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-ফেনী সড়কের গোয়ালমথন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর দক্ষিণ উপজেলার কমলপুর এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী তসলিমা আক্তার (২৫) ও চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর এলাকার শাহিনুল ইসলামের স্ত্রী মমতা আক্তার (২২)।

সদর দক্ষিণ থানার এসআই মো. সোহেল বলেন, সকাল সাড়ে ১০টার দিকে গোয়ালমথন এলাকায় কুমিল্লাগামী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশাকে ফেনীমুখী একটি ডামট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তসলিমা ও মমতা মারা যান। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তিনি জানান, নিহতরা এলাকা থেকে কুমিল্লা নগরীর দিকে যাচ্ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়েছে। এর মধ্যে গত বুধবার রাতে রাজবাড়ীতে কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরে ট্রেনের ধাক্কায় সিএনজিচালক এবং সিরাজগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানচালক নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত : রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা উপজেলার কলেজ মোড়ে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাশেদুল ইসলাম রাকিব ও মুক্তার হোসেন। দুজনের বাড়ি কুষ্টিয়া শহরের পৌর এলাকায়।

পুলিশ জানায়, দুই যুবক ঢাকা থেকে মোটরসাইকেলে কুষ্টিয়া যাচ্ছিলেন। রাত ১২টার দিকে পাংশা উপজেলার কলেজ মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন সেতুর সঙ্গে ধাক্কা লাগে। তখন পেছন থেকে কোনো গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

গাজীপুরে ট্রেনের ধাক্কায় সিএনজিচালক নিহত : গাজীপুরে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজিচালক নিহত হয়েছেন। গতকাল সকাল পৌনে ১০টার দিকে সিটি করপোরেশনের পুবাইল মাজুখান রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিক (৪৫) মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী থানার পানহাটা গ্রামের সোয়েব আলী ফকিরের ছেলে। তিনি মাজুখান এলাকার হামিদুল্লার বাড়িতে ভাড়া থেকে সিএনজি চালাতেন।

প্রত্যক্ষদর্শী হোসনে আরা জানান, মাজুখান বাজার থেকে হারবাইদ যাওয়ার পথে রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন সিএনজিটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মারা যান। ভৈরব রেলওয়ে থানার ইনচার্জ ফেরদৌস হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

সিরাজগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানচালক নিহত : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের হাটিকুমরুল র‌্যাব-১২-এর অফিসের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে গতকাল সকাল ৭টার দিকে বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক মংওয়াইচিং মারমা (৪০) নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত মংওয়াইচিং মারমা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার সীতাপাহাড় এলাকার হ্লাচাইপ্রু মারমার ছেলে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, সকালে ঢাকাগামী কাভার্ড ভ্যান ও নাটোরগামী যাত্রীবাহী বাস হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের র‌্যাব-১২-এর প্রধান কার্যালয়ের সামনে এসে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কাভার্ড ভ্যানের চালক মংওয়াইচিং মারমা ঘটনাস্থলেই মারা যান।  এতে হেলপারসহ পাঁচজন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।