ঘরের মাঠে মোস্তাফিজুর রহমানের বোলিং কতটা ভয়ংকর তা বেশ ভালো করেই জানা নিউজিল্যান্ডের। ক’দিন আগে অস্ট্রেলিয়া বেশ ভুগেছে কাটার মাস্টারের বোলিংয়ে। শেষ পর্যন্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ৪-১ ব্যবধানে হেরে দেশে ফিরে অজিরা।
কিউই সেই সিরিজ থেকে শিক্ষা নিয়েই টাইগারের বিপক্ষে লড়াইয়ে নামতে যাচ্ছে। সাফল্য পেতে তাদের অন্যতম প্রধান লক্ষ্য মোস্তাফিজকে চাপে রাখা।
অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশের বিপক্ষে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ।
শনিবার নিউজিল্যান্ড দলের ভারপ্রাপ্ত কোচ গ্লেন পকনল বলেন, সিরিজে সাফল্য পেতে মোস্তাফিজকে চাপে রাখার পরিকল্পনার কথা।
পকনল বলেন, ‘তিনি(মোস্তাফিজ) অসাধারণ বোলিং করেছেন। তার ডেলিভারিগুলো এমন সুন্দরভাবে বাস্তবায়ন করতে দেখাটা সত্যিই বিশেষ কিছু। মোস্তাফিজ একটা হুমকি বলে আমি মনে করি। তাকে আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে এবং তাকে কীভাবে আটকানো যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি।’
‘তবে এটা নির্ভর করছে ম্যাচে নিজেদের পরিকল্পনা আমরা কীভাবে বাস্তবায়ন করতে পারি তার ওপর। তাকে চাপে রাখা এবং তার বিপক্ষে ভিন্ন কিছু আমাদের করতে হবে।’
টি-টোয়েন্টিতে মোস্তাফিজের ক্যারিয়ার সেরা বোলিং নিউজিল্যান্ডের বিপক্ষেই। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় ৫ উইকেট শিকার করেছিলেন তিনি ২২ রান খরচায়।
সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ খেলে ৮.৫৭ গড়ে মোস্তাফিজ নেন ৭ উইকেট। ওভারপ্রতি তার বল থেকে অজিরা নিতে পারে মাত্র ৩.৫২ রান।
আরো পড়ুন