নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন সাকিব আল হাসান। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাটে-বলে ঘাম ঝরান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য শুক্রবার দলীয় অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। তবে সাকিব সেদিন অনুশীলন করতে পারেননি।
পরিবারের সঙ্গে সময় কাটিয়ে গত ২৪ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। তিন দিনের কোয়ারেন্টাইন শেষ না হওয়ায় প্রথম দিন দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি তিনি।
১ সেপ্টেম্বর শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ। বাকি ম্যাচগুলো যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সবগুলো ম্যাচই শুরু হবে বিকেল ৪টায়।
