নির্বাচনী হলফনামায় ঋণখেলাপির তথ্য গোপন করার দায়ে বরগুনার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকানকে অব্যাহতি দিয়েছে আদালত। একই সঙ্গে নির্বাচন কমিশনকে পুনর্নির্বাচনের আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার বরগুনা জেলা ও দায়রা জজ ও উপজেলা পরিষদ নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক হাসানুল ইসলাম এ রায় দেন।
সদ্য অব্যাহতি পাওয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকান ব্যাংকের ঋণ পরিশোধ না করায় ২০১৪ সালে বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকায় তার নাম ওঠে। ঋণখেলাপির তথ্য গোপান করে ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মনোনয়নপত্র দাখিল করেন এবং নির্বাচনে জয়ী হন। এতে সংক্ষুব্ধ হন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজু। এ ঘটনায় ওই বছরের ২১ এপ্রিল তিনি মামলা করেন। মামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকানকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে তাকে বিজয়ী ঘোষণার আবেদন করেন। শুনানি শেষে গতকাল জেলা ও দায়রা জজ ও উপজেলা পরিষদ নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক হাসানুল ইসলাম উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকানকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণা করে পুনর্নির্বাচনের আদেশ দেন।
সদ্য অব্যাহতির আদেশ পাওয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম ছরোয়ার ফোরকান বলেন, আমি ন্যায়বিচার পাইনি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।
বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, আমরা এখনো লিখিতভাবে আদালতের কোনো নির্দেশনা পাইনি। আদালতের নির্দেশনা পেয়ে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।